দ্বীনি শিক্ষা বিস্তার ও আহলে সুন্নাত ওয়াল জমা’আতের আক্বীদা ও আদর্শের প্রসারতার লক্ষ্যে দরবারে আলিয়া কাদেরিয়ার সাজ্জাদানশীন হুজুর কিবলাহ্, শাহেন শাহে ছিরিকোট, কুতুবুল আউলিয়া রাহনুমায়ে শরীয়ত ও ত্বরীক্বত আল্লামা হাফেজ ক্বারী সৈয়্যদ আহমদ শাহ ছিরিকোটি রাহমাতুল্লাহি আলাইহি ১৯৫৪ সালে চট্টগ্রাম জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া প্রতিষ্ঠা করেন।
তারই ধারাবাহিকতায় সুন্নিয়তের মর্মবাণীকে এদেশের প্রত্যন্ত অঞ্চলে প্রাতিষ্ঠানিক রূপ দেয়ার লক্ষ্যে তাঁর একমাত্র সাহেবজাদা গাউছে জামান মুর্শিদে বরহক্ব হুজুর কিবলাহ আল্লামা সৈয়্যদ মুহাম্মদ তৈয়্যব শাহ রাহমাতুল্লাহি আলাইহি চট্টগ্রাম জেলার চন্দনাইশ উপজেলার পাঠানদন্ডী গ্রামে ১৯৭৪ খ্রি. তাঁর দুই ছাহেবজাদা সৈয়্যদ মুহাম্মদ তাহের শাহ্ (মা.জি.আ.) ও সৈয়্যদ মুহাম্মদ সাবের শাহ (মা.জি.আ.) এর নামে পাঠানদন্ডী তাহেরীয়া সাবেরীয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা প্রতিষ্ঠা করেন।
এলাকার পীর ভাইগণের অক্লান্ত প্রচেষ্ঠায় এই মাদ্রাসা সুনামের সহিত উত্তরোত্তর উন্নতি ও সমৃদ্ধির পথে এগিয়ে যেতে থাকে। ইতোমধ্যে ২০১৪ সালের বার্ষিক সভায় হুজুর কিবলা রাহনুমায়ে শরীয়ত ও ত্বরীক্বত আল্লামা সৈয়্যদ মুহাম্মদ তাহের শাহ্ (মা.জি.আ.)’র উপস্থিতিতে আনজুমান-এ-রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট এই মাদ্রাসা পরিচালনায় দায়িত্বভার গ্রহণ করে এবং হুজুরের দোয়া নিয়ে একই বৎসর অত্র মাদ্রাসা দাখিল স্থর হতে আলিম স্থরে উন্নীত হয়। আনজুমানের তত্ত্বাবধানে পরিচালনা কমিটির সার্বিক প্রচেষ্ঠায় এলাকার সর্বস্তরের পীর ভাই বোনদের আন্তরিক সহযোগিতায় এবং শিক্ষকমন্ডলীর পরিশ্রমের ফসল আজ অত্র মাদ্রাসা চন্দনাইশ উপজেলার শ্রেষ্ঠ ও দক্ষিণ চট্টগ্রামের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। আক্বায়েদে আহলে সুন্নাত ওয়াল জমা’আতের উপর অটল থেকে দ্বীনি ও আধুনিক শিক্ষায় ছাত্র-ছাত্রীদেরকে উপযুক্ত করে গড়ে তোলার মানসে, কুরআন-হাদীস, আরবী, বাংলা, ইংরেজি, গণিত, নাহু, ছরফ, তথ্য-যোগাযোগ প্রযুক্তিসহ সকল বিষয়ে দক্ষ ও অভিজ্ঞ শিক্ষকমন্ডলী হাতে কলমে শিক্ষার্থীদের জ্ঞানদানে ও চরিত্র গঠনে নিয়োজিত আছেন। ফলে ছাত্র-ছাত্রীরা উপযুক্ত যোগ্যতা অর্জনের মাধ্যমে দেশ ও জাতির উন্নয়নে ভূমিকা রাখতে সক্ষম হচ্ছে।
চলমান শিক্ষা পদ্ধতির আরো উন্নতিকল্পে শিক্ষার্থীর শ্রেণিকাজ ও বাড়ীর কাজের সমন্বয় সাধনে, ক্লাস ডায়েরী প্রবর্তন করা হয়। এ ডায়েরীতে শিক্ষার্থীরা দৈনন্দিন শ্রেণির পাঠগুলোর সারসংক্ষেপ ও পুস্তক পাঠের পৃষ্ঠা উল্লেখ করবে। যা বাড়ীর লেখাপড়ার প্রস্তুতি গ্রহণে দিক নির্দেশনারূপে সহায়তা করবে।
আশা রাখি ডায়েরী লেখায় শিক্ষকমন্ডলীর নজরদারি, অভিভাবকের পরিচর্যা ও শিক্ষার্থীর শিক্ষায় মনোনিবেশের ফলে পাঠানদন্ডী তাহেরীয়া সাবেরীয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার ঐতিহ্য ও সুনামকে আরো সমৃদ্ধ করবে। সাথে সাথে শিক্ষার্থীর জীবন ও কর্ম শৃঙ্খলাবদ্ধ ও স্বার্থক হবে।